সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি পেতে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে শুরু হয়ে আবেদন গ্রহণ চলবে ১৫ আগস্ট পর্যন্ত। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
যেসব বিষয়ে আবেদন করা যাবে—
বয়স্ক ভাতা
বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা
প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি
অনগ্রসর জনগোষ্ঠীসমূহের ভাতা ও উপবৃত্তি
বেসরকারি নিবন্ধিত এতিমখানাসমূহের ছাত্রদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট
আবেদন করার নিয়ম:
১ থেকে ৪ নম্বর পর্যন্ত খাতের ভাতার জন্য dss.bhata.gov.bd/online-application এই লিংকে আবেদন করতে হবে। এছাড়া ক্যাপিটেশন গ্রান্ট-এর জন্য https://mswservices.gov.bd/auth/login লিংকের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। পাশাপাশি আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য অতিরিক্ত একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।
গুরুত্বপূর্ণ কিছু শর্ত:
যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন, তারা এই কর্মসূচির জন্য বিবেচিত হবেন না।
পূর্বে অনলাইনে আবেদন করে যারা অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মাঠপর্যায়ে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।