ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। দুই সিটির বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাসিরউদ্দীন পাটোয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সভায় দলটির আহ্বায়ক সম্ভাব্য কাউন্সিলরদের অন্বেষণ করার পাশাপাশি ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
একই সাথে নাহিদ ইসলাম বিগত জুলাইয়ের শহিদ ও আহতদের পরিবারের খোঁজখবর নেওয়া এবং তাদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ ও গভীর যুক্ততা বজায় রাখার জন্য নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন।
এছাড়া সভায় পতিত ও পলাতক আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা রুখতে এবং সতর্ক নজরদারি বজায় রাখতে দুই মহানগরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগরীর আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা উত্তর মহানগরীর আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দুই মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।