ব্যয় সাশ্রয় এবং দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ফার্নিচারসহ বিভিন্ন ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানির বিষয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে, দেশে সহজলভ্য এমন কোনো পণ্য বিদেশ থেকে আমদানি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্কবার্তা দিয়েছেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় কর্মকর্তাদের সম্মানী গ্রহণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সরকারপ্রধান। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন রাখেন, আমি দিনে কতগুলো মিটিং করি তা আপনারা জানেন। আমি যদি কোনো সম্মানী না নিতে পারি, তবে আপনাদের সম্মানী নেওয়ার প্রয়োজন কেন? কাজের অংশ হিসেবেই সরকারি এসব সভায় অংশগ্রহণ করতে হয় এবং এটি আপনাদের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া, বিভিন্ন প্রকল্পের মালামাল পরিদর্শনের নামে কর্মকর্তাদের প্রি-শিপমেন্টের আড়ালে বিদেশ ভ্রমণ নিয়েও কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। সভায় তিনি অবিলম্বে এই ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।