গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাতে প্রাণহানির সংখ্যা ইতোমধ্যে ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে হাজার হাজার নিষ্পাপ শিশু রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের ওই অধিবেশনের বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকাটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে অতি প্রয়োজনীয় মানবিক সহায়তার মাত্র সামান্য অংশ পৌঁছানো সম্ভব হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সুদান, ইউক্রেন, মিয়ানমার এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য সংঘাতের পাশাপাশি গাজায় চলা এই আগ্রাসন সমগ্র জনপদকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেন ড. খলিলুর রহমান। বিভিন্ন সংকটের ভৌগোলিক বা রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হলেও জাতিসংঘের সনদের আওতায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার অঙ্গীকারে কোনো পার্থক্য থাকা উচিত নয় বলে তিনি জোর দেন।
বিশ্ববাসীর আস্থা বজায় রাখতে হলে আন্তর্জাতিক মানবিক আইন, মানবাধিকারের নীতিমালা এবং ত্রাণ সরবরাহের সুযোগকে কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক বা সুবিধাজনকভাবে প্রয়োগ করা চলবে না বলে কড়া বার্তা দেন জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি।