বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (ক্যাডেট কলেজ বাদে) উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ হাজার ৪০ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং এর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৪১০ জন। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ৬১৯ জন।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সেনাবাহিনী পরিচালিত ৩৯টি বাংলা মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছিল। সামগ্রিক ফলাফলে পাসের হার ৯৬.৫১ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়ার হার ২০.৭৯ শতাংশ।