বঙ্গোপসাগরের অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে ২৬টি ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। লন্ডনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এনার্জি সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল সেশনে এই আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এসব নীতির মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সামিটের মিনিস্টেরিয়াল সেশনে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির কারণে জ্বালানির চাহিদা ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে। এই চাহিদা মেটানোর লক্ষ্যে দেশীয় গ্যাস এবং অন্যান্য জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে বর্তমান সরকার কাজ করছে। পাশাপাশি আধুনিক সিসমিক তথ্যের সহজলভ্যতার বিষয়টিও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে দেশের ভূতাত্ত্বিক ও সিসমিক ডেটা গভীরভাবে পর্যালোচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে চলমান অফশোর বিডিং রাউন্ডে অংশ নিতে ইচ্ছুক কোম্পানিগুলোকে বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগের অনুরোধ করা হয়েছে।