টাঙ্গাইলের মির্জাপুরে দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার বিকেলে তিনি উপজেলার জামুর্কী গ্রামের ক্ষতিগ্রস্ত মন্দিরটি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল ও জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিনসহ অন্যরা।
পরিদর্শনকালে স্থানীয় পূজারীদের আশ্বস্ত করে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, এই জঘন্য কাজের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। তিনি পূজারীদের নির্বিঘ্নে উৎসব পালনের আহ্বান জানিয়ে বলেন, বিএনপি নেতাকর্মীরা সর্বদা তাদের পাশে রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দেশের এই কঠিন সময়ে দায়িত্ব নেওয়ার পর তারা সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছেন।
এদিকে, প্রতিমা ভাঙচুরের ঘটনায় মির্জাপুর থানার পুলিশ অনুসন্ধান চালিয়ে জামুর্কী গ্রামের ইসমাইল হোসেন নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তিনি ওই গ্রামের বাসিন্দা কবির হোসেনের ছেলে বলে জানা গেছে।
ঘটনার পর বিকেলে মির্জাপুর বাইপাস এলাকার মৃধা কনভেনশন হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর উপস্থিতিতে আয়োজিত ওই সভায় এলাকার ২৭২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিএনপি নেতারা অংশ নেন।