ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গেস্ট অব অনার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার বিষয়ে সদয় সম্মতি জানিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে সভাপতিত্ব করার বিষয়ে সম্মতি প্রকাশ করেন। সমাবর্তনে তিনি সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেস্ট অব অনার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে অংশ নেবেন। সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়; দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম মূল কেন্দ্রবিন্দু। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধি করে একে বিশ্বের অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।