নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন রোহান (২২) ও রায়হান (১৯)। সোমবার আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন এই আদালত পরিচালনা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে একশ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ফতেপুরের সুলতানসাদী এলাকার বাসিন্দা ওই দুই তরুণ আদালতে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছেন। তারা ভবিষ্যতে আর মাদক সেবন করবেন না বলে প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে এসে সমাজে ভালো মানুষ হিসেবে বসবাসের অঙ্গীকার করেছেন এই দুই যুবক। দণ্ডপ্রাপ্ত দুই তরুণের বাড়ি উপজেলার সুলতানসাদী এলাকায়।