কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের এই বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও প্রসিকিউটর ফারুক আহাম্মদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
এই মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। মামলার এই সাত আসামির সকলেই বর্তমানে পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টের আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। রাজপথে নেতাকর্মীদের নামিয়ে প্রতিরোধ গড়ার ডাক দেওয়ার পাশাপাশি একাধিক বৈঠকে তারা সহিংসতার পরিকল্পনা করেন। এছাড়া বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা, গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং কঠোর দমন-পীড়নে তাদের ভূমিকা ছিল, যা দেশে ব্যাপক সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সৃষ্টি করে।