সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আপস মীমাংসা করেছেন বাদীপক্ষের প্রধান। মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ ৩০ সেপ্টেম্বর বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের জামিনের বিষয়ে কোনো আপত্তি নেই বলে হলফনামা প্রদান করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন।
আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান এবং ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আদালতকে জানান, ন্যাম ভবনের যে ফ্ল্যাটে ঘটনাটি ঘটেছে, সেখানে নজরুল তার প্রথম স্ত্রী মাকছুদাকে নিয়ে থাকতেন। বর্তমানে সংসদ সদস্য ও তার স্ত্রী কারাবন্দি রয়েছেন।