অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী (৫৯) আর নেই। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিডিনিউজের চিফ রিপোর্টার সুমন মাহমুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী (৫৯) মারা গেছেন।
চিকিৎসার প্রয়োজনে কিছুদিন আগে লন্ডনে পাড়ি দিয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে অবস্থানকালে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নিজের এই যাত্রার আগে তিনি দীর্ঘসময় লন্ডনভিত্তিক গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ অবদান ও স্বীকৃতির অংশ হিসেবে ২০১৭ সালের ডিসেম্বরে তিনি জাতীয় আইসিটি পুরস্কার লাভ করেন। তার মৃত্যুতে গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।