কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকত এলাকার ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত এই রিসোর্টে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য। এই মর্মান্তিক ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের নাফিজ তেহামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেলিতা মেহেজাবিন আলভি। একই পরিবারের নিহত অন্য সদস্যরা হলেন—মালিহা, মিলা, সাবরিন এবং শিশু ফাইজান আহমেদ। পরিবারের নয়জন সদস্য ওই রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আত্মীয়তার সূত্রে নিহত নাফিজ, নাবিলা, মালিহা ও আলভি পরস্পরের কাজিন। এছাড়া ফারিহা কবির নাফিজের বড় বোন এবং শিশু ফাইজান তার ভাগ্নে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, সকাল ৭টা ২৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সকাল ৮টার দিকে উদ্ধারকাজ শুরু করে সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে উদ্ধারকাজ অব্যাহত আছে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।