আজ ১১ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (প্রশাসক) মোঃ ইবনে আল জায়েদ হোসেন।
পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদে পৌঁছালে উপজেলা প্রশাসককে ফুলেল তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনসুর আহমেদ এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মাজেদা আক্তার ,ডিজিটাল সেন্টারের (ইউডিসি) কেন্দ্র পরিচালক ও উদ্যোক্তা মোঃ কামাল হোসেন এবং শাহানাজ বেগম।
পরিদর্শনের একপর্যায়ে ইউনিয়ন পরিষদের বর্তমান কার্যালয়টি অস্থায়ী হওয়ায় এবং সাবেক চেয়ারম্যান সোহরাব মিয়াজির দেওয়া জমির জায়গা নিয়ে কিছু জটিলতা থাকার বিষয়টি তুলে ধরেন চেয়ারম্যান মোস্তফা মজুমদার। তিনি পরিষদকে স্থায়ী রূপ দিতে নিজের মালিকানাধীন ২৫ শতাংশ জমি ইউনিয়ন পরিষদের নামে লিখে দেওয়ার ঘোষণা দেন এবং এসংক্রান্ত সব প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রেখেছেন বলে উপজেলা প্রশাসকের নিকট আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেশ করেন।
চেয়ারম্যানের এই মহৎ ও জনকল্যাণকর প্রস্তাবটি শুনে উপজেলা প্রশাসক ইবনে আল জায়েদ হোসেন সন্তোষ প্রকাশ করেন এবং প্রস্তাবিত জমির সমস্ত কাগজপত্র তাঁর দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়ে বিষয়টি গুরুত্বের সাথে যাচাই-বাছাই করে দেখার আশ্বাস দেন।
এর আগে, উপজেলা প্রশাসক মোঃ ইবনে আল জায়েদ হোসেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন এবং উপস্থিত সব কর্মকর্তা-কর্মচারীর হাজিরা খাতা (উপস্থিতি খাতা) নিবিড়ভাবে চেক করেন।
উক্ত পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদের সব গ্রাম পুলিশ, অন্যান্য অফিস সহায়ক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।