বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, বেকার যুবক-যুবতীরা যাতে বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পায়, সেজন্য দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র চালু করতে হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিদেশে কর্মসংস্থানের নতুন পথ উন্মোচন ও এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রবাসী কর্মীদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে কাউকে যেন নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়। এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজীকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।
একই বৈঠকে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা হযরত শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত বিশ্বের আদলে ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করার জন্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন। এছাড়া প্রবাসী কল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেটের আরিফুল হক চৌধুরী।
বিদেশে কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা প্রণয়ন এবং মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় বাংলাদেশিদের শীর্ষ অবস্থানের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। সম্প্রতি মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন এবং কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক হয়েছেন।