জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় আয়োজিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জেবিআইসি-এর ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতসহ প্রয়োজনীয় নীতি সংস্কার ও বিধিবিধান সহজীকরণের কাজ করছে। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, জেবিআইসি-এর অগ্রাধিকার প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ সময় তিনি বাংলাদেশে জেবিআইসি-এর একটি নিজস্ব কার্যালয় স্থাপনের অনুরোধ জানান, যা গভর্নর আমাকাওয়া ইতিবাচকভাবে গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন। জেবিআইসি-এর গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।