চলতি বছরের ২৯ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে সন্তান প্রসবের সময় এক নারীর মর্মান্তিক মৃত্যু ঘটে। এই মৃত্যুকে ঘিরে চিকিৎসকের অবহেলার গুরুতর অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে সোচ্চার হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। তারা এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবাদ কর্মসূচি ও গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করছেন।
পরিবারের অভিযোগ অনুযায়ী, ওই নারীর গর্ভাবস্থায় চিকিৎসার দায়িত্বে ছিলেন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। প্রসবকালীন চিকিৎসা ব্যবস্থাপনা এবং চিকিৎসার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চিকিৎসক বড় ধরনের অবহেলা ও গাফিলতি করেছেন বলে দাবি তাদের। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর ফ্লোরিডার মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। স্মারকলিপিতে ঘটনার কারণ উদঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
কনস্যুলেটের সামনে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে চিকিৎসায় অবহেলার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের জবাবদিহিতার দাবি জানান। এ সময় ডোরার পরিবারের সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দ স্পষ্টভাবে বলেন, “আমরা কোনো ধরনের প্রতিহিংসা চাই না; আমরা সত্য উদঘাটন ও ন্যায়বিচার চাই।” তারা আরও বলেন, হাসপাতালের মেডিকেল রেকর্ড, চিকিৎসা সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের দায়িত্ব পালনের প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
তদন্তের মাধ্যমে যদি কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট ব্যক্তির পেশাগত অবহেলা প্রমাণিত হয়, তবে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রবাসীরা। তারা মনে করেন, এ ধরনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সত্য উদঘাটন করা গেলে ভবিষ্যতে চিকিৎসা খাতে দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে। পুরো কমিউনিটির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।