আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এ গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত এক গেজেটের মাধ্যমে কমিশন নতুন প্রতীক তালিকা ঘোষণা করেছে। এতে আগের ১১৯টি প্রতীকের সঙ্গে ‘না’ প্রতীক যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১২০টিতে। এই তালিকার মধ্যে ‘নৌকা’ প্রতীকটিকে বর্তমানে স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করেছে। এর আগে গত বছরের ২৫ অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১৯টি প্রতীক নিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। নতুন গেজেটে পূর্বের সেই তালিকার সঙ্গে নতুন করে ‘না’ প্রতীক অন্তর্ভুক্ত করা হলো।
নতুন এই নিয়ম যুক্ত করার মূল উদ্দেশ্য সম্পর্কে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, কোনো নির্বাচনী আসনে একক প্রার্থী থাকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ ঠেকাতেই ‘না’ প্রতীকে ভোট দেওয়ার বিধানটি কার্যকর করা হয়েছে। সংশোধিত বিধিমালার আলোকে, বিধির অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে এখন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিত প্রতীকের বাইরে তালিকাভুক্ত অন্য যেকোনো একটি প্রতীক বরাদ্দ দেওয়া যাবে।
ইসির পক্ষ থেকে প্রকাশিত ১২০টি প্রতীকের তালিকায় রয়েছে আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চশমা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, ট্রাক, ট্রাক্টর, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, ফুলের মালা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, বালতি, বেবি টেক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মাথাল, মিনার, মোটরগাড়ি, মোটরসাইকেল, মোড়া, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত, হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার, হ্যান্ডশেক ও ‘না’ প্রতীক।