দেশের বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন ও আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই হাজার ৪৬০ কোটি টাকা, যা প্রতি ডলার ১২৩ টাকা ধরে হিসাব করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর বুধবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঋণ অনুমোদনের তথ্য জানানো হয়।
এই অর্থায়নের ফলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন মোট ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ অবকাঠামো উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এই প্রকল্পের বিষয়ে বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি ছিংফেং ঝাং জানান, অর্থনৈতিক অগ্রগতি ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কোনো বিকল্প নেই।
এডিবির এই ঋণের বাইরেও এই প্রকল্পে দেশীয় অর্থায়ন যুক্ত রয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকারের ১০৭ দশমিক ৯৫ মিলিয়ন ডলার এবং বিআরইবির ১৪১ দশমিক ৩৯ মিলিয়ন ডলার অর্থায়ন থাকবে। পাশাপাশি কোরিয়া সরকারের ই-এশিয়া অ্যান্ড নলেজ পার্টনারশিপ ফান্ড থেকে এডিবির মাধ্যমে অতিরিক্ত ১ মিলিয়ন ডলারের কারিগরি সহায়তা প্রদান করা হবে।