রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে ২০টিরও বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানের পর থেকে পুরো এলাকাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাবলয়ে ঘিরে রাখা হয়েছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। বিস্ফোরক উদ্ধারের পর পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে একটি ব্যাগের ভেতর বেশ কিছু ককটেল ও পেট্রোল বোমা পাওয়া যায়। এলাকায় আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, উদ্ধার করা বিস্ফোরকগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে থাকা এসআরবি স্কোয়াড্রন লিডার নিফাজ জানিয়েছেন, তাদের বিশেষ টিম দ্রুততার সাথে সেখানে উপস্থিত হয়ে কার্যক্রম শুরু করেছে।
প্রাথমিকভাবে বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এল কিংবা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া এবং উদ্ধার অভিযান পুরোপুরি শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।