কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছার জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ছত্রখিল এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কাউছার স্থানীয় নেতা কবিরের ছোট ভাই ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই জমিসংক্রান্ত বিরোধ নিরসনে বৃহস্পতিবার স্থানীয় পর্যায়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরের দিন শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির কাছে গেলে একদল ব্যক্তি কাউছারের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা ট্রমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে জমিসংক্রান্ত বিরোধকেই এই হামলার মূল কারণ বলে ধারণা করছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।