নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণে ব্যবহৃত কংক্রিট ভর্তি ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার ৪ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে রহিম উদ্দিন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন স্থানীয় মৃত সায়েদুল হকের স্ত্রী।
জানা গেছে, সকালে নিজের বাড়ি থেকে পায়ে হেঁটে বাবার বাড়িতে যাওয়ার পথে নির্মাণাধীন সড়কে কংক্রিট পরিবহনকারী ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।