জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে নতুন একটি নাটকে জুটি বেঁধেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। ইউসুফ আলী খোকনের রচনায় ‘জামাই মানে যন্ত্রনা’ নামের এই নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সরদার রোকন এবং এর দৃশ্যধারণের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
নতুন কাজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে মোশাররফ করিম বলেন, সরদার রোকন বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে এবং গল্পটি অন্যরকম। এছাড়া সহশিল্পী নীলা আগের চেয়ে ভালো অভিনয় করার চেষ্টা করেছে বলেও জানান তিনি। অন্যদিকে নীলাঞ্জনা নীলা বলেন, মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করা শুরুর দিকে ভয়ের হলেও এখন তা বেশ উপভোগ্য। তাঁর সঙ্গে কাজ করা মানেই অভিনয়ের অনেক কিছু শেখা।
পরিচালক সরদার রোকন জানান, মোশাররফ করিম নাট্যাঙ্গনের ভীষণ গুণী ও জাত অভিনেতা এবং তাঁর সঙ্গে কাজ করে তিনি নিজেও অনেক কিছু শিখেছেন। খোকনের চমৎকার গল্পে মোশাররফ ও নীলা দুজনই দারুণ অভিনয় করেছেন। পরিচালক সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
উল্লেখ্য, এই জুটির আগে ‘জামাই বউ অতি চালাক’, ‘বাবার বিয়ে’, ‘জামাই বউ আসামী’, ‘ফিটফাট বাবু’ ও ‘বউ পাগল জামাই’ নাটকগুলো প্রশংসিত হয়েছিল। এছাড়া রোকনের পরিচালনায় মোশাররফ করিমের ‘ভাঙ্গারির বই রাজরানি’, ‘রেডিও জয়নাল’ ও ‘ইনজেকশন মতিন’ নাটকগুলোও দর্শকের মাঝে সাড়া ফেলেছিল।