দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনীতিবিদদের একাংশের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তার মাধ্যমে তিনি দেশের সাধারণ মানুষের আবেগ নিয়ে রাজনীতির নামে চলমান অপতৎপরতার কড়া প্রতিবাদ জানিয়েছেন।
ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, দেশের রাজনীতিবিদরা মুখে দেশপ্রেমের কথা বললেও নিজেদের সন্তানদের ভবিষ্যতের ক্ষেত্রে তারা দেশের মাটিতে ভরসা পান না। তিনি অভিযোগ করেন, নিজেদের সন্তানদের বিদেশে রেখে রাজনীতিবিদরা সাধারণ মানুষের সন্তানদের জীবন নিয়ে রাজনীতি করেন। এমন বৈষম্যমূলক ও স্বার্থপর চরিত্র তুলে ধরতে গিয়ে তিনি মন্তব্য করেন, ‘নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে।’
সাধারণ কর্মী ও সমর্থকদের উদ্দেশ্য করে তিনি সতর্ক করেন যে, একটি শ্রেণির নেতার পেছনে সময় ও জীবন ব্যয় করে কর্মীরা মূলত নিজেদেরই ক্ষতি করছেন। তাদের পরিবারের হক নষ্ট হচ্ছে। তিনি আক্ষেপ করে লেখেন, অর্থের অভাবে একজন কর্মীর সন্তান যখন চানখারপুলে চিকিৎসাবঞ্চিত অবস্থায় পড়ে থাকে, ঠিক সেই সময়েই নেতার সন্তান বিদেশের মাটিতে বিলাসিতায় মত্ত থাকে। রাজনীতিবিদদের এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।