রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করা হয়েছে। ব্যাংক তিনটি হলো সোনালী, জনতা ও রূপালী ব্যাংক। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
বাদ পড়া তিন শীর্ষ কর্মকর্তা হলেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে সরকারি সম্মতির কথা উল্লেখ করে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চুক্তি ও আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের চুক্তিতে সোনালী ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছিলেন মো. শওকত আলী খান। এর পূর্বে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কাজী মো. ওয়াহিদুল ইসলাম রূপালী ব্যাংকে এবং মো. মজিবর রহমান জনতা ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে চুক্তিতে দায়িত্ব পালন করছিলেন।