জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দেশটিতে চার দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার রাতে জাপানে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব তথ্য জানান। বুধবার (২৮ অক্টোবর) এসব চুক্তি সই হয়। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে নতুন সহযোগিতা কাঠামো, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়াই এই সফরের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর এই সফরে চারুকলা, অর্থনৈতিক সহায়তা এবং অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র সই করা হয়েছে। এর মধ্যে উপকূল নিরাপত্তায় বাংলাদেশকে ১৩.৪৪ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার বিষয়ে চুক্তি করেছে জাপান সরকার। পাশাপাশি কৃষি, বনায়ন, মৎস্য খাত এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সরকারি চুক্তির পাশাপাশি দুই দেশের বেসরকারি খাতেও ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অংশীদারত্ব বাড়াতে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বর্তমানে জাপানে অবস্থান করছে।