জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংসদের ২৩ নম্বর (৩২৩) আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ১ অক্টোবর, বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখ থেকেই আসনটি খালি হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায়, সংসদের ৩২৩ (মহিলা আসন-২৩) আসনটি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, ওই তারিখে শূন্য হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি স্পিকারের দপ্তরে নিজের পদত্যাগপত্র জমা দেন। সরকারদলীয় বেশ কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতেই এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে।