পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে গভীর রাতে একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী মুখে মাস্ক পরে এবং হাতে টর্চের আলো জ্বালিয়ে এই মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলার ঠিক কোন এলাকায় হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মিছিল শেষে অংশগ্রহণকারীরা ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেন। ভিডিওতে দেখা যায়, তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়া পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে নাজমুল ইসলাম পিয়াল এবং সাধারণ সম্পাদক হিসেবে তায়েজুল ইসলামের নাম ঘোষণা করায় ভিডিওর মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল আযম জানান, রাতের আঁধারে অনুষ্ঠিত এই ঝটিকা মিছিলের বিষয়ে তিনি অবগত নন।