মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি স্কুলে আগুন লাগার পর আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ির সময় এই প্রাণহানির ঘটনা ঘটে।
এই অগ্নিকাণ্ডে কয়েকজন প্রাপ্তবয়স্কও মারা গেছেন বলে তথ্য পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনের তীব্রতায় এলাকাটির প্রায় ৩০০টিরও বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাভু দেশটির পাহাড়ি অঞ্চলের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর হিসেবে পরিচিত। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে এম২৩ বিদ্রোহীরা শহরটি দখল করে নিয়েছিল।