চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাফসান মোহাম্মদ নামের এক যুবক। গত মঙ্গলবার দুপুরে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাফসান উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলি এলাকার বাসিন্দা ছিলেন। এরই মধ্যে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সাত দিনে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন রোগী ভর্তি হয়েছে।
রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম উদ্দিন আক্ষেপ করে বলেন, মাত্র কয়েক দিনের সামান্য জ্বর যে এভাবে একটি তাজা প্রাণ কেড়ে নেবে, তা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা আমাদের প্রিয় স্বজনকে হারিয়েছি, তবে আর কোনো পরিবার যেন এমন নির্মম শোকের মুখোমুখি না হয়, সেই প্রত্যাশা করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ১০টি বিশেষ শয্যা এবং পর্যাপ্ত সরকারি ওষুধ মজুদ রয়েছে। তবে শুধু হাসপাতালে চিকিৎসা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। তিনি জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। সীতাকুণ্ডের ইউএনও ও পৌর প্রশাসক ফখরুল ইসলাম বলেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত নালা-নর্দমা পরিষ্কার করছেন। এছাড়া নির্মাণাধীন ভবন ও ড্রেনে মশার লার্ভিসাইড স্প্রে জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে এবং নাগরিকদের নিজ আঙিনা পরিষ্কার রাখার জন্য সচেতন করা হচ্ছে।