কক্সবাজারের রামু উপজেলায় পুলিশি অভিযানে আটক হয়েছেন জেলা যুবলীগের ক্যাডার মোনাফ সিকদার ওরফে ‘গুজা মোনাফ’ এবং তার এক সহযোগী। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার জোয়ারিয়ানালার চা বাগান এলাকা থেকে সহযোগী রানাসহ তাকে আটক করা হয়। রামু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ এই অভিযান চালানো হয়। আটক মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যাসহ প্রায় ডজনখানেক ফৌজদারি মামলা রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের কোন নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানা সংলগ্ন এলাকায় মোনাফ সিকদারের ছবি ও ব্যানার নিয়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এই ঘটনার পরপরই মোনাফ সিকদারকে আটক করার জন্য মাঠে নামে পুলিশ। দীর্ঘ অনুসন্ধানের পর গভীর রাতে তাকে রামুর চা বাগান এলাকা থেকে ধরতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানের সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক সংবাদমাধ্যমকে জানান, বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ যুবলীগ নেতা মোনাফ সিকদার ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।