পাকিস্তানের বেলুচিস্তানে ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার এক বিশেষ অভিযানে প্রদেশটিতে মোট ৪৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে কালাতের কাছে মহাসড়কে অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে নিবৃত্ত করার পাশাপাশি অপহৃত ২৩ জন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
তদন্তকারী সূত্র জানায়, সন্ত্রাসীরা ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রী অপহরণ, চাঁদাবাজি ও গাড়ি ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং ছয়টি ট্রাক, তিনটি বাস ও দুটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেছে বাহিনী। এছাড়া খারানে পৃথক একটি সন্ত্রাসী হামলায় যাত্রীবাহী গাড়ির ১০ শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে পাঞ্জগুর ও চাগাই জেলায় চালানো আলাদা অভিযানে আরও ১১ জন সন্ত্রাসী প্রাণ হারিয়েছে বলে নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী তাদের তল্লাশি ও অভিযান কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করেছে।