চীনের কারিগরি শিক্ষার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে যুগোপযোগী কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশি শিক্ষকদের চীনে পাঠানোর পাশাপাশি চীনা ভাষাসহ কারিগরি পাঠদানের জন্য চীন থেকে শিক্ষক আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনকালে এসব কথা জানান মন্ত্রী। এ সময় চীনের গুয়াংডং ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ভোকেশনাল কলেজের ভাইস চ্যান্সেলর লিন বিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার সঙ্গে উপস্থিত ছিল। পরে মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজও পরিদর্শন করেন।
কারিগরি শিক্ষায় চীন যথেষ্ট এগিয়ে রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, তাদের অর্জিত জ্ঞান ও সহযোগিতা নিয়ে দেশের কারিগরি খাতকে আরও সমৃদ্ধ করা হবে। দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের যৌথ পথচলা শিক্ষা খাতকে আরও এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরিদর্শনকালে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।