শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইএমএসসি-এর তথ্যমতে, রাত ১২টা ১২ মিনিটে প্রথম ভূমিকম্পটি মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রায় অনুভূত হয়। এর মাত্র এক মিনিট পর ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরামের লুংলেইতে ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। সবশেষে রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় কম্পনটি রেকর্ড করা হয়।
এসব ভূমিকম্পের তীব্রতায় চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ৩ দশমিক ৮ মাত্রার সর্বশেষ কম্পনটিতেও দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের এই সিরিজটি সীমান্তবর্তী হওয়ায় এর প্রভাব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতির তথ্য না আসলেও ভূমিকম্পের কারণে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। সংশ্লিষ্টরা এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।