যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে ছয়জন আরোহী নিয়ে একটি মেডিকেল ফ্লাইট নিখোঁজ হয়েছে। গালফস্ট্রিম জি-১০০ মডেলের বিমানটি বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে উড্ডয়ন করেছিল। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে বিমানটির অবতরণ করার কথা ছিল।
ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যানুযায়ী, গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটির সঙ্গে রেডিও ও রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে অস্বাভাবিকভাবে দ্রুত নিচে নেমে আসে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর স্থানীয় সময় রাত ১টার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে। বর্তমানে মার্কিন কর্তৃপক্ষ আকাশ ও সমুদ্রপথে বিমানটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।