প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ভারতের বিরোধী দলগুলো। বৃহস্পতিবার সকালে বিহারের পাটনায় ইন্ডিয়া জোটের ডাকে লোকভবন অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, আরজেডি সংসদ সদস্য মিসা ভারতী এবং ভিআইপি দলের প্রধান মুকেশ সাহনিকে আটক করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।
আটকের আগে তেজস্বী যাদব সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, বর্তমান সরকার জ্ঞানেশ কুমারকে আড়াল করার অপচেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যতই সুরক্ষার দেয়াল তৈরি করুক না কেন, জনতা ভোটচোরদের অবশ্যই জবাব দেবে। যারা দেশের গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত, তাদের পরিণতি ভোগ করতে হবে। একই দাবিতে কর্ণাটকেও বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছে কংগ্রেসের নেতাকর্মীরা।
বিহারের ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে রাজপথে নামার প্রস্তুতি নিয়েছে বিরোধী জোট। এই কর্মসূচি ঠেকাতে দিল্লি পুলিশও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সংসদ মার্গ, অশোক রোড ও জনপথ রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।