কুমিল্লায় কিশোর গ্যাং নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সর্বশেষ আরও ২৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশ একযোগে এই অভিযান পরিচালনা করে। কুমিল্লা নগরীসহ যেসব এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, মূলত সেসব স্থানকে চিহ্নিত করে এই অভিযান চালানো হয়। এ সময় ২৫২ জনকে আটক করা হয়েছে। এই অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সী কিশোররা যাতে নতুন করে কোনো অপরাধে জড়াতে না পারে, সেজন্য নিয়মিত এই কঠোর অবস্থান বজায় রাখা হচ্ছে। আটককৃতদের সংশ্লিষ্ট অপরাধের ধরন অনুযায়ী যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যার ঘটনার পর জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য জনমনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতির প্রেক্ষাপটে গত ২৩ সেপ্টেম্বর থেকে জেলাজুড়ে পুলিশ ও ডিবি পুলিশের সমন্বিত অভিযান শুরু হয়। জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত পাঁচ ধাপের অভিযানে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা প্রদানের মাধ্যমে অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে, যাদের একটি বড় অংশ শিক্ষার্থী। এছাড়া অপরাধের গভীরতা বিবেচনায় বাকি ৬২৬ জনকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনা হয়েছে।