প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন। এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি করা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারত্ব গড়ে তোলার ধারাবাহিকতায় জাপান সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেগা প্রকল্পগুলোতে জাপানের বিনিয়োগ দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও সরবরাহের স্থিতিশীলতা বিষয়ক একটি অনলাইন সম্মেলনে অংশ নিয়েছিলেন। ওই সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জাপানি সরকারের আস্থা আরও বৃদ্ধি করেছে, যা আসন্ন সফরে দ্বিপক্ষীয় আলোচনার পথ প্রশস্ত করবে।
সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি আরবের আমন্ত্রণের বিষয়েও কথা বলেছেন। তিনি জানান, সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যা প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। সুবিধাজনক সময়ে তিনি সৌদি আরব সফর করবেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে এই সেমিনারটির আয়োজন করে। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সেমিনারে উপস্থিত থেকে আলোচনা করেন।