সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যবহারকারী এবং কনটেন্ট নির্মাতাদের জন্য একটি বড় ধরনের পরিবর্তন আসছে। এতদিন পোস্ট, ছবি, ভিডিও বা রিলস কত মানুষের কাছে পৌঁছেছে তা বোঝার জন্য ‘রিচ’ (Reach) মেট্রিকটি ব্যবহার করা হতো। মেটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা এই বহুল ব্যবহৃত ‘রিচ’ ফিচারটি বন্ধ করতে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে ‘ভিউয়ারস’ (Viewers) নামে সম্পূর্ণ নতুন একটি মেট্রিক চালু করা হবে।
নতুন এই ব্যবস্থায় কোনো কনটেন্ট কতগুলো ইউনিক বা অনন্য অ্যাকাউন্টের কাছে পৌঁছাচ্ছে, তা আরও স্পষ্টভাবে তুলে ধরা হবে। মূলত কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপ করার পদ্ধতিতেই এই পরিবর্তন আনা হচ্ছে। মেটার পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, এতে কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণের প্রক্রিয়া ঢেলে সাজানো হবে।
এই পরিবর্তনের ফলে ফেসবুক পেজ পরিচালনাকারী, বিভিন্ন সংবাদমাধ্যম, ডিজিটাল বিপণনকর্মী এবং কনটেন্ট নির্মাতাদের কাজের ধরনে কিছুটা প্রভাব পড়তে পারে। নতুন মেট্রিকের তথ্যের ওপর ভিত্তি করে তাঁদের ভবিষ্যতে কনটেন্ট পরিকল্পনা ও প্রচারকৌশল নির্ধারণ করতে হবে। তবে ‘রিচ’ এবং নতুন ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাব পদ্ধতিতে ভিন্নতা থাকায় পুরোনো ও নতুন পরিসংখ্যান সরাসরি মেলানো চ্যালেঞ্জিং হতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কনটেন্টের দীর্ঘমেয়াদি কার্যকারিতা মূল্যায়নের জন্য পেজ পরিচালকদের আগে থেকেই পুরোনো পরিসংখ্যান এবং প্রতিবেদনগুলো সংরক্ষণ করে রাখা উচিত। নতুন এই হিসাব পদ্ধতিটি আয়ত্ত করতে পারলে পরিবর্তনের পরও কনটেন্টের ধারাবাহিকতা বজায় রাখা এবং এর প্রভাব বিশ্লেষণ করা সহজ হবে। মনে রাখা প্রয়োজন, এই পরিবর্তনের ফলে পোস্ট বা কনটেন্ট প্রকাশের স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটবে না, কেবল পরিমাপের পদ্ধতিটি পরিবর্তিত হবে। তাই পেজ অ্যাডমিনদের নতুন মেট্রিকের হিসাব পদ্ধতিটি বুঝে নেওয়ার ওপরই জোর দেওয়া হচ্ছে।