বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) মরদেহ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকেই মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফের কিনা, তা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামের একজনের সঙ্গে বাসা থেকে বেরিয়েছিলেন তাহসিফ। পরে তুরাগ নদে তার ভাসমান মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু তথ্য পাওয়া গেছে, যা এখন যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই গণমাধ্যমের কাছে প্রকাশ করতে রাজি হননি তিনি। দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে তদন্ত সংস্থা।