ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় দেশটির স্থানীয় পুলিশকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রতিমন্ত্রী আরও বলেন, একজন ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলা মানেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত।
প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তিনি আরও বলেন, অভিনেত্রী বাঁধনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বিকেলে বাঁধনের সঙ্গে কথা বলে তাকে সরকারের সর্বোচ্চ সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। এছাড়া বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও জোরালোভাবে উত্থাপন করবে বাংলাদেশ দূতাবাস।
এর আগে ইতালির মেস্ট্রে শহরে নিজের ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে হেনস্তার শিকার হন বাঁধন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, একদল ব্যক্তি তার ওপর চড়াও হয়ে পানি, কোমল পানীয় ও ডিম নিক্ষেপ করে। হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে গালিগালাজ করে এবং জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এ সময় তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
অভিনেত্রী বাঁধন জানিয়েছেন, তিনি এই ঘটনার বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও নিশ্চিত করেছেন যে, বাঁধন আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে অভিযোগ দাখিল করবেন এবং বাংলাদেশ দূতাবাস পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।