ইসরাইলি ‘আগ্রাসন ও যুদ্ধংদেহী তৎপরতা’ রুখতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর জোর দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, আলোচনায় আরাগচি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের প্রতিশ্রুতি এবং লেবাননের ‘প্রতিরোধের’ প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
জবাবে লেবাননের স্পিকার নাবিহ বেরি ইরানের এই অবস্থানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফোনালাপের সময় তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
বেরি আরও উল্লেখ করেন, ইসরাইলের ‘লঙ্ঘন’ বন্ধ করা এবং তাদের কর্মকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামি দেশগুলোর ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ রয়েছে।