প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে তিনটি নতুন ও সংশোধিত মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পগুলোতে মোট সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
প্রকল্পগুলোর মধ্যে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে জাপানি সংস্থা জাইকার অর্থায়নে ব্যয় হবে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ দশমিক ৮৯ কোটি টাকা। এছাড়া ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ (নর্দান) প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ দশমিক ৩৬ কোটি টাকা, যার অর্থায়ন করবে জাপান। এদিকে, ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (সাউদার্ন) প্রকল্পে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং এতে ব্যয় হবে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।