পবিত্র নগরী মক্কা আল-মুকাররমার অভিমুখে ড্রোন হামলার ঘটনায় গভীর নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ। সৌদি আরবের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের পূর্বেই ড্রোনটি প্রতিহত করা হয় বলে জানায় তারা।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে মক্কা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতা রক্ষায় গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করার পাশাপাশি দেশটির সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। সকল পরিস্থিতিতে পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।
সৌদি গ্যাজেটের তথ্যমতে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ড্রোনটি মক্কার দক্ষিণে ভূপাতিত হয়। মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয় প্রচেষ্টা বলে জানা গেছে। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছিল হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে।
তবে হুতি কর্তৃপক্ষ বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। মক্কা বা যেকোনো ইসলামি পবিত্র স্থানকে লক্ষ্যবস্তু করার বিষয়টি তারা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।