জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমকে পুরোপুরি পেপারলেস বা কাগজহীন ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রস্তুতির কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পুরনো নথিপত্র আর্কাইভে স্থানান্তর এবং ডি-নথির ব্যবহার আরও ব্যাপকতর করার মাধ্যমে এই ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কর্মকর্তাদের কারিগরি ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ভাইস-চ্যান্সেলর এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে মোট ১৮৩ জন কর্মকর্তাকে সনদ প্রদান করা হয়। অধ্যাপক আমানুল্লাহ বলেন, পেপারলেস কার্যক্রম সফল করতে ডি-নথির মাস্টার ট্রেনারদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দাপ্তরিক কাজে পরিবর্তন আনা ও দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগালে প্রশাসনিক কাজের গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।