পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ অনুরোধে সাড়া দিয়ে ইসলামাবাদ অভিমুখে চলমান লংমার্চ কর্মসূচি স্থগিত করেছে দেশটির রাজনৈতিক দল জামায়াতে ইসলামী (জিআই)। মঙ্গলবার মুলতানে এক সংবাদ সম্মেলনে দলটির আমির হাফেজ নাঈমুর রহমান এই সিদ্ধান্ত জানান। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজেই টেলিফোনে তাকে লংমার্চ স্থগিতের অনুরোধ করেন এবং আলোচনার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী পাকিস্তান ফিরে আসার পরই কেবল এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং তার আগ পর্যন্ত দলের নেতাকর্মী ও বহর মুলতানেই অবস্থান করবে।
দলীয় আমির স্পষ্ট করে বলেন, “আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব।” তবে এই বৈঠকের পূর্ব পর্যন্ত মুলতানে তাদের পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অব্যাহত থাকবে। জামায়াত কোনোভাবেই তাদের প্রতিবাদ আন্দোলন থেকে পিছু হটবে না এবং ভবিষ্যতের চূড়ান্ত কর্মপন্থা নির্ধারণের আগে সরকারের পক্ষ থেকে অবশ্যই লিখিত নিশ্চয়তা চাওয়া হবে।
এর আগে জ্বালানি তেল ও নিত্যপণ্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে পাকিস্তানজুড়ে ৫১০টি স্থানে বিক্ষোভ এবং শাটডাউন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী।