শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৬ সালের একাডেমিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন দুর্গাপূজার ছুটি নির্ধারিত রয়েছে। এই ছুটির সাথে সাপ্তাহিক ছুটির দিনগুলো যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের জন্য টানা ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পথ সুগম হয়েছে।
ছুটির হিসাব অনুযায়ী, ১৮ অক্টোবরের আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার এবং ২২ অক্টোবরের পরে ২৩ ও ২৪ অক্টোবর পুনরায় সাপ্তাহিক ছুটি রয়েছে। এর পরের দিন অর্থাৎ ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজার সরকারি ছুটি রয়েছে। ফলে সব মিলিয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি পাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটির প্রকৃত সময়সূচিতে ভিন্নতা আসতে পারে।
অন্যদিকে, কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছুটির মেয়াদ আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কলেজে মোট ১০ দিনের সরকারি ছুটি নির্ধারিত আছে।
কলেজের ক্ষেত্রে এই ছুটির সাথে ১৬ ও ১৭ অক্টোবরের আগের সাপ্তাহিক ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের পরের সাপ্তাহিক ছুটিগুলো যুক্ত হচ্ছে। ফলে হিসাব করলে দেখা যায়, কলেজ শিক্ষার্থীরা টানা ১৬ দিন পর্যন্ত শিক্ষা কার্যক্রম থেকে বিরতি পেতে পারেন। মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১০ দিন এবং কলেজে দীর্ঘমেয়াদী ছুটির এই সুযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে।