জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাপানের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেইসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী জাপানের সহায়তায় চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ২০২৬ সালের জুলাই মাসে ড. তানাকা আকিহিকোর বাংলাদেশ সফরের সময় ঢাকায় অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথা স্মরণ করেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বৈঠকে অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকার প্রকল্পগুলোর কাজ ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহজ শর্তে ঋণসহায়তা ও কারিগরি সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গত বছরের ধারাবাহিকতায় বাজেট সহায়তার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাতে বাংলাদেশের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে ‘বাংলাদেশ-জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব’, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা বাড়ানো। জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দীকীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।