চলতি বছরে ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর সর্বোচ্চ ১০ জন করে মৃত্যুর রেকর্ড ছিল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ জনে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।
অধিদপ্তরের তথ্যমতে, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালে নতুন করে ২ হাজার ৭১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।
চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা স্পষ্টভাবে দৃশ্যমান। মাসওয়ারি হিসাবে শুধুমাত্র অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।