চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বুধবার সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার সীমান্ত সংলগ্ন একটি রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নেজাম উদ্দিন (৫০) মীরের খীল এলাকার বাসিন্দা ছিলেন এবং গাছ কাটার পাশাপাশি বর্গা নেওয়া জমিতে চাষাবাদ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমির ফসল হাতি থেকে রক্ষা করতে নেজাম উদ্দিন রাতে মাঠে পাহারা দিতে গিয়েছিলেন।
রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সকালে তাকে খুঁজতে বের হন।
এক পর্যায়ে নিহতের মরদেহ পাওয়া যায়।
মরদেহের কনুই পর্যন্ত দুটি হাত বিচ্ছিন্ন ছিল এবং শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। এ ছাড়া তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও খুঁজে পাওয়া যায়নি।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হচ্ছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে। পরিবারের সদস্যরা থানায় জানানোর পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সূত্র উদ্ধারে কাজ করছে পুলিশ।